শুরুতেই হেরে ভালো হয়েছে ঢাকার!
নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্সের কাছে কোনও পাত্তা পেলো না ঢাকা ডায়নামাইটস, যারা গতবার তৃতীয় শিরোপা জিতেছিল বিপিএলে। শনিবার প্রতিযোগিতার পঞ্চম আসরে তাদের শুরুটা হলো হার দিয়ে। প্রথম পর্বে এখনও ১১ ম্যাচ খেলবে তারা। তাই এখনই কোনও সারমর্ম টানতে চায় না ঢাকা। বরং প্রথম ম্যাচেই হারকে ইতিবাচক দেখছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বিপিএলের প্রথম ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে দেখা গেলো না ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানকে। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের বদলে এলেন আবু হায়দার রনি। সেখানেই তিনি জানালেন এত তাড়াতাড়ি ভেঙে পড়ছে না তারা।
৯ উইকেটের হার নিয়ে তার বক্তব্য, ‘আসলে একটা খারাপ দিন যেতেই পারে। আমাদের খারাপ দিনটা চলে গেলো। শুরুতেই এমন দিন যাওয়ায় আমাদের জন্য ভালো হয়েছে। চেষ্টা করবো নতুন উদ্যোমে ভালো করে শুরু করতে।’
ঘুরে দাঁড়ানোর মনোবল নিয়ে রবিবার খুলনা টাইটানসের মুখোমুখি হবে ঢাকা। গত বছর প্রথম কোয়ালিফায়ারে এই দলকে হারিয়ে ফাইনালে উঠেছিল তারা। তারপরও মাহমুদউল্লাহর দলকে খাটো করে দেখার অবকাশ নেই চ্যাম্পিয়নদের। আর প্রথম ম্যাচেই হারের পর নিশ্চিতভাবে সতর্ক থাকতে হচ্ছে সাকিবদের।

No comments:
Post a Comment