বড়াইগ্রামে যানবাহনে তল্লাশীর সময় ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত
নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের বড়াইগ্রামে যানবাহনের তল্লাশীর সময় ট্রাকের ধাক্কায় হাইওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার মানিকপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম।
নিহতের নাম আলতাব হোসেন। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম বলেন, মানিকপুর এলাকায় হাইওয়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছিল। এসময় ঢাকাগামী একটি মিনি ট্রাককে থামতে সংকেত দেয় কনস্টেবল আলতাব হোসেন। কিন্তু ট্রাকটি না থামিয়ে কনস্টেবলকে ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। এতে আলতাব রাস্তার উপর ছিটকে পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে নাটোর হাসপাতালে নেয়ার পথে মারা যান।

No comments:
Post a Comment